প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি নয় 'আসল'
অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’-এর সংগৃহীত উচ্চ রেজুলেশনের ছবি ও ২০ সেকেন্ডের ভিডিও বিভিন্ন এআই-ডিটেকশন টুলে পরীক্ষা করা হলেও সেখানে এআই ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি।
ফটো: দ্য ডিসেন্ট
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের ভাইরাল হওয়া কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিওকে মূলধারার বেশ কিছু সংবাদমাধ্যম 'এআই দিয়ে তৈরি ভুয়া কন্টেন্ট' হিসেবে দাবি করলেও অনুসন্ধানে তার ভিন্ন চিত্র পাওয়া গেছে।
সম্প্রতি দৈনিক কালবেলা, দেশ রূপান্তর, কালের কণ্ঠসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় ‘শিবির মিডিয়া সেল’ নামের পেজ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে।
তবে অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’-এর সংগৃহীত উচ্চ রেজুলেশনের ছবি ও ২০ সেকেন্ডের ভিডিও বিভিন্ন এআই-ডিটেকশন টুলে পরীক্ষা করা হলেও সেখানে এআই ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি।
অধিকতর অনুসন্ধানে ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটের মোবাইল নম্বরটি প্রতিমন্ত্রীর নিজ গ্রাম পঞ্চগড়ের বোদা উপজেলার এক তরুণীর বলে শনাক্ত হয়। ওই তরুণী নিজের ছবি সত্য বলে স্বীকার করলেও কীভাবে তা ছড়ালো সে বিষয়ে কিছু জানেন না বলে জানান। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই তরুণীর সঙ্গে সাংবাদিকদের যোগাযোগের পরপরই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সংশ্লিষ্ট প্রতিবেদকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এছাড়া ভাইরাল হওয়া সেলফিতে দৃশ্যমান মোবাইলের কভারের সঙ্গে প্রতিমন্ত্রীর ব্যবহৃত ব্যক্তিগত ফোনের কভারের মিল পাওয়া গেছে।
অন্যদিকে, প্রতিমন্ত্রীর পক্ষে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভাষাগত কাঠামোর মধ্যেও প্রায় শতভাগ মিল পাওয়া গেছে, যা কোনো এক কেন্দ্র থেকে সরবরাহকৃত বক্তব্য সরাসরি প্রচারের ইঙ্গিত দেয়।