পশুর হাটে মহিষের গুঁতোয় দুই ক্রেতার মৃত্যু
ফটো: সংগৃহিত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাটে একটি পাগলা মহিষের গুঁতোয় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, দেওয়ানগঞ্জের চর মাদার গ্রামের মজিবুর রহমান এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রুহুল আমিন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কিনতে গিয়ে হাটের ভেতরেই তারা এই নজিরবিহীন দুর্ঘটনার শিকার হন।
এই ঘটনায় নিহতদের পরিবারে ঈদের আনন্দের বদলে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ মে) উপজেলার সানন্দবাড়ী পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে বেশ কয়েকটি মহিষ নিয়ে আসেন এক খামারি। হাটে ঢোকার পরই একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে দড়ি ছিঁড়ে লোকজনের ওপর চড়াও হয়। মহিষটি পুরো হাটজুড়ে ছোটাছুটি করে সামনে যাকে পায় তাকেই গুঁতো দিতে থাকে। এ সময় হাটের সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহিষের এই আকস্মিক হামলায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান রুহুল আমিন।
অন্যদিকে গুরুতর আহত মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দেওয়ানগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মহিষের আক্রমণে দুইজনের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।