'পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়', কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
বর্তমান সরকার একটি পেশাদার, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমেদ | ফটো: সংগৃহীত
বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বাহিনী কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়, বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার একটি পেশাদার, নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সততা, পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রাখতে হবে। দীর্ঘ কর্মজীবনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রতি সম্মান রেখে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের সঙ্গে এমন আচরণ করতে হবে যাতে তারা সত্যিকার অর্থেই পুলিশকে নিজেদের বন্ধু হিসেবে বিশ্বাস করতে পারে।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ এই দুই বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এ ছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড লাভ করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম। আর বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।