সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির আইনি দায়মুক্তির কথা বলা হলেও তা পদ গ্রহণের আগের কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ফটো: সংগৃহীত
ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও নানা আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন ব্যাংকটির গ্রাহকেরা।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং পল্টনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে আন্দোলনকারীরা অভিযোগ করেন, একটি বিশেষ প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নিয়ন্ত্রণ জোরপূর্বক পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং সাধারণ গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংক খাতে স্থায়িত্ব ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে এসব অনিয়ম ও দখলের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির আইনি দায়মুক্তির কথা বলা হলেও তা পদ গ্রহণের আগের কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকাকালে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যা ফৌজদারি অপরাধের শামিল। তাই তাঁকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।