শিকলবাহা খালে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে পুলিশ
প্রাথমিক ধারণা, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
কর্ণফুলী উপজেলা ম্যাপ | ফটো: Wikipedia
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্লকেরপাড় বিডিপি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর বস্তাটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা ও নৌ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে সেটি খুলে ভেতরে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, শিকলবাহা খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।