সংসদ সচিবালয়ের ‘উচ্চতর বাছাই কমিটি’ পুনর্গঠন, সদস্য হলেন সরওয়ার জামাল নিজাম
সরওয়ার জামাল নিজাম এমপি | ফটো: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘উচ্চতর বাছাই কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। স্পীকারের আদেশক্রমে গত ১৭ জুন সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ১৯৯৪ (২০২১ সালের অক্টোবর পর্যন্ত সংশোধিত)-এর বিধি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৭ জন সংসদ সদস্যের সমন্বয়ে পুনর্গঠিত এই কমিটি কার্যকর থাকবে। এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজাম)।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত উচ্চতর বাছাই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য জনাব সরওয়ার জামাল নিজাম। এছাড়া কমিটির অন্য ৫ জন সদস্য হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মোজাহিদ এবং ৩১৫ সংরক্ষিত নারী আসন-১৫ এর সংসদ সদস্য জনাব সানসিলা জেবরিন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই উচ্চতর বাছাই কমিটির মূল দায়িত্ব ও কর্মপরিধি হবে সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং সমপদমর্যাদাসম্পন্ন উচ্চপদস্থ পদসমূহে কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে যথাযথ মূল্যায়ন ও সুপারিশ প্রদান করা। এই কমিটিকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব বা সচিব।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উচ্চতর বাছাই কমিটি গঠন সংক্রান্ত গত ১৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ (৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ) তারিখের পূর্ববর্তী প্রজ্ঞাপনটি এই নতুন আদেশের মাধ্যমে বাতিল করা হয়েছে।
সংসদ সচিবালয়ের উপ-সচিব (মানব সম্পদ) মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।