সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহীর সবাই নিহত
ফটো: সংগৃহীত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। রোববার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা আরোহীরা কী ধরনের দায়িত্ব পালন করছিলেন কিংবা তাদের পরিচয় ও জাতীয়তা কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আরামকো বা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই এর সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ও আকস্মিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি রাষ্ট্রীয়ভাবে সমবেদনা জানিয়েছে সৌদি সরকার।