টানা বৃষ্টিতে কর্ণফুলীতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল
ফটো: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টানা ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও উপ-সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, পাশাপাশি অসংখ্য ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ভুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত জলাবদ্ধতা নিরসনে সরাসরি মাঠে নেমেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
দুর্যোগপূর্ণ পরিস্থিতি ও পানি নিষ্কাশন কার্যক্রম তদারকি করতে গত মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন। পরিদর্শনকালে প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তারা ভুক্তভোগী বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত ড্রেন-নালা পরিষ্কার করে পানি চলাচলের পথ সুগম করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অতিবৃষ্টির মধ্যেও জনজীবন সচল রাখতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিপিপি (সিসিপি) সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছেন। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।