আমিরাতে অটো-ক্যান্সেল হওয়া প্রবাসীদের বিনামূল্যে অনলাইন নিবন্ধনে সহায়তা
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের নির্ধারিত অনলাইন নিবন্ধন ফরম পূরণে যেসব প্রবাসী প্রযুক্তিগত বা অন্যান্য কারণে সমস্যায় পড়ছেন, তাদের জন্য বিশেষ সহায়তা বুথ চালু করা হয়েছে।
ফটো: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ভিসা বা ইমিগ্রেশনসংক্রান্ত জটিলতায় পড়া এবং বিশেষ করে অটো-ক্যান্সেল হওয়া বাংলাদেশি প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে বিনামূল্যে সহায়তা কার্যক্রম শুরু করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের নির্ধারিত অনলাইন নিবন্ধন ফরম পূরণে যেসব প্রবাসী প্রযুক্তিগত বা অন্যান্য কারণে সমস্যায় পড়ছেন, তাদের জন্য বিশেষ সহায়তা বুথ চালু করা হয়েছে। এ সেবার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে তথ্য নিবন্ধন ও আবেদন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে।
এ কার্যক্রমের আওতায় আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য অনলাইনে নিবন্ধনের পাশাপাশি ফরম পূরণ করে দেওয়া হবে। নিবন্ধনের জন্য প্রবাসীদের পাসপোর্টের কপি, আমিরাত আইডির কপি এবং ভিসা বাতিল (ক্যান্সেল) সংক্রান্ত নথি জমা দিতে হবে।
ফাউন্ডেশন জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র হোয়াটসঅ্যাপ নম্বর +971 50 816 8363-এ পাঠিয়েও সেবা নেওয়া যাবে। এছাড়া আগ্রহীরা সরাসরি আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অফিসে যোগাযোগ করেও এ সহায়তা গ্রহণ করতে পারবেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভিসা বা ইমিগ্রেশন জটিলতায় থাকা কোনো প্রবাসী যেন তথ্য নিবন্ধন থেকে বাদ না পড়েন, সে লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।