আনোয়ারার বিতর্কিত স্বাস্থ্য কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরীর বদলী
ফটো: সংগৃহীত
টানা অনিয়ম, দুর্নীতি, চরম অব্যবস্থাপনা এবং সর্বশেষ সংসদ সদস্যের পরিদর্শনের সময় ‘ভুয়া রোগী’ সাজানোর মতো বিতর্কিত ঘটনায় সমালোচিত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. মাহতাব উদ্দীন চৌধুরীকে বদলী করা হয়েছে।
১৭ মে (রবিবার) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের এক আদেশে তাকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
বিতর্কিত এই কর্মকর্তার বদলির খবরে আনোয়ারার সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
২০২৫ সালের ২৪ আগস্ট আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও ল্যাব বাণিজ্যের নানা চিত্র গণমাধ্যমে প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সেখানে আকস্মিক অভিযান চালায়।
দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের একটি প্রতিনিধি দল অভিযানে গিয়ে জেনারেটর ও ইসিজি মেশিনসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম অকেজো ফেলে রাখার প্রমাণ পায়। মূলত সরকারি সুবিধা বন্ধ রেখে রোগীদের বাইরের বেসরকারি ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য করার পেছনে বড় ধরনের কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে এই কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়া দুপুর ১২টার পর চিকিৎসকদের অনুপস্থিতি ও রোগীদের চিকিৎসাবঞ্চিত করার বিষয়টিও দুদকের তদন্তে উঠে আসে।
এমপিকে দেখাতে ‘ভুয়া রোগী’ সাজানোর নজিরবিহীন ঘটনাঃ
ডা. মাহতাব উদ্দীনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিতর্কটি তৈরি হয় ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি। স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম হাসপাতাল পরিদর্শনে আসার খবরে তিনি এক অভিনব জালিয়াতির আশ্রয় নেন।
পরিদর্শন সুচারু দেখাতে হাসপাতালের বেডে থাকা প্রকৃত ও সাধারণ রোগীদের সাময়িকভাবে বের করে দেওয়া হয়। এর পরিবর্তে বিএনপির ২৩ জন স্থানীয় নেতাকর্মীকে ‘ভুয়া রোগী’ সাজিয়ে বেডে শুইয়ে রাখা হয়। এমপি দুপুর ১টায় হাসপাতাল ত্যাগ করার পরপরই সেই ২৩ জন ভুয়া রোগীও একসঙ্গে হাসপাতাল ছেড়ে চলে যান। এই ঘটনা জানাজানি হলে তীব্র সমালোচনার মুখে পড়েন টিএইচও মাহতাব উদ্দীন। সে সময় তিনি রাজনৈতিক কর্মীদের ‘আহত রোগী’ দাবি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরবর্তী সময়ে তাঁর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক চাটুকারিতা হিসেবে প্রমাণিত হয়।
দীর্ঘদিন ধরে নানা অপকর্মের পরও বহাল তবিয়তে থাকা এই কর্মকর্তাকে অবশেষে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করায় আনোয়ারার সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।