হাতের মুঠোয় পুরো উপজেলাঃ আনোয়ারার তরুণ শিহাবের ‘স্মার্ট’ বিপ্লব
গুগল প্লে-স্টোরে ‘smart anwara’ লিখে খুঁজলেই অ্যাপটি নামিয়ে নেওয়া যাবে।
শিহাব উদ্দীন ও তার উদ্ভাবিত 'স্মার্ট আনোয়ারা' অ্যাপ | ফটো: প্রিয় আনোয়ারা
হাতের মুঠোয় পুরো একটা উপজেলা! ভাবা যায়? এক ক্লিকেই মিলবে রক্তের সন্ধান, মিলবে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের জরুরী নম্বর। ঘরের কোণে বসেই যোগাযোগ করা যাবে সাহসী ব্লাড ডোনারদের সাথে, খুব জরুরী প্রয়োজনে সহজেই খুঁজে পাবেন আনোয়ারার প্রশাসনের যাবতীয় তথ্য।
দূর অতীতের সেই ‘অসাধ্য’ বিষয়টিকে এখন আনোয়ারা উপজেলাবাসীর জন্য ‘সহজসাধ্য’ করে তুলেছেন এক তরুণ। তিনি শিহাব উদ্দীন। নিজের মেধা আর প্রযুক্তির মেলবন্ধনে তৈরি করেছেন ‘স্মার্ট আনোয়ারা’ নামের একটি মোবাইল অ্যাপ, যা ইতিমধ্যেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে বেশ সাড়া ফেলেছে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের শিহাব উদ্দীন। পড়ছেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয় নিয়ে। আপাতদৃষ্টিতে ইংরেজির ছাত্র হলেও, শিহাবের ধ্যান-জ্ঞান জুড়ে রয়েছে প্রযুক্তির দুনিয়া।
পড়াশোনার পাশাপাশি নিজের উদ্যোগে পরিচালনা করছেন এক ফ্রিল্যান্সিং দুনিয়া যেখানে ঘরে বসেই বিদেশী সব ক্লায়েন্টদের জন্য প্রস্তুত করছেন একের পর এক প্রজেক্ট। পাশাপাশি নিজের জন্মভূমি আনোয়ারাকে ভুলে যাননি শিহাব।
নিজের এলাকাকে ডিজিটাল দুনিয়ায় অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন শিহাব। সেই স্বপ্ন থেকেই শুরু হয় তার 'স্মার্ট আনোয়ারা' প্রজেক্ট। দিন-রাত এক করে কোডিং আর ডিজাইনের পর অবশেষে তিনি আলোতে নিয়ে আসেন ‘স্মার্ট আনোয়ারা’।
শিহাবের তৈরি এই অ্যাপটি যেন আস্ত একটি ডিজিটাল তথ্যভাণ্ডার। উপজেলার প্রায় প্রতিটি প্রয়োজনীয় সেবা ও তথ্যকে এক ছাতার নিচে নিয়ে এসেছেন তিনি। অ্যাপটিতে বর্তমানে ২৪ টিরও বেশি ক্যাটাগরিতে নাগরিক সেবা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ এবং জরুরি হেল্পলাইনের নম্বর।
স্বাস্থ্যসেবাকে সহজ করতে রাখা হয়েছে সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসকদের তালিকা, অ্যাম্বুলেন্স এবং রক্তদাতাদের তাৎক্ষণিক তথ্য।
এছাড়া স্থানীয় সংবাদ, আনোয়ারার সাংবাদিকদের তালিকা, দর্শনীয় স্থানের বিবরণ, বিভিন্ন স্কুল-কলেজের তালিকা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের যাবতীয় তথ্যও মিলবে এখানে।
একই সাথে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে বিভিন্ন নাগরিক সেবা। সহজ কথায়, একজন সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবনে যে সমস্ত সরকারি ও বেসরকারি সেবার প্রয়োজন হয়, তার সবই মিলবে এই একটি অ্যাপে। গুগল প্লে-স্টোরে ‘smart anwara’ লিখে খুঁজলেই অ্যাপটি নামিয়ে নেওয়া যাবে।
নিজের এই উদ্ভাবন নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শিহাব উদ্দীন। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রিয় আনোয়ারাকে এই তরুণ জানান, প্রযুক্তির এই যুগে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।
তিনি চেয়েছেন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে চেনা আনোয়ারাকে একটি তথ্য-সমৃদ্ধ এবং আধুনিক এলাকা হিসেবে সবার সামনে তুলে ধরতে, যেন যেকোনো মানুষ বিপদে পড়লে বা কোনো তথ্যের প্রয়োজন হলে তাৎক্ষণিক সেবা পেতে পারেন। এই অ্যাপটি প্রতিনিয়ত আপডেট করা হবে এবং আরও নতুন নতুন নাগরিক সুবিধা এতে যুক্ত করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইংরেজির ছাত্র হয়েও তথ্যপ্রযুক্তির এই মেলবন্ধন প্রমাণ করে, সদিচ্ছা আর মেধা থাকলে যেকোনো প্রান্ত থেকেই সমাজকে বদলে দেওয়া সম্ভব।
আইসিটি বিভাগে শিহাবের এই উদ্যোগ আনোয়ারার তরুণদের প্রশংসা কুড়াচ্ছে। আনোয়ারাকে সত্যিই একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে গড়ে তুলতে শিহাবের এই ‘স্মার্ট আনোয়ারা’ অ্যাপটি এক অনন্য মাইলফলক হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।