আনোয়ারায় উদ্বোধন হলো ভূমিসেবা মেলা
ফটো: সংগৃহীত
আনোয়ারা উপজেলাতে উৎসবমুখর পরিবেশে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হয়।
ভূমিসেবা মেলা উপলক্ষে সকালে ভূমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি বিষয়ক এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন।
সভায় বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষকে ডিজিটাল ও সনাতন ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়া সেবা গ্রহণকে আরও সহজ ও সাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়া।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।